গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রকে ঘিরে গুলি, ২০ জন আহত; সারা অঞ্চলজুড়ে প্রাণ গেল ২৮ জনের
মধ্য গাজায় একটি নতুন ত্রাণ বিতরণ কেন্দ্রে সাহায্যের আশায় ভিড় করেছিলেন বহু মানুষ। সেখানে হঠাৎ গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই দিনে গাজার বিভিন্ন এলাকায় আরও ২৮ জন প্রাণ হারান ইসরায়েলি হামলায়।
এই প্রেক্ষাপটে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি প্রস্তাব উঠে এসেছে, যেটিতে যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইসরায়েল সম্মতি দিয়েছে। তবে হামাস এখনো সেই প্রস্তাব খতিয়ে দেখছে। এই অবস্থায় নতুন করে শান্তি প্রতিষ্ঠার আশা ম্লান হয়ে পড়েছে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েল আল-আওদা হাসপাতাল বন্ধ করে দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। ইতিমধ্যে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে চিকিৎসাব্যবস্থা—নতুন করে হাসপাতাল বন্ধ হওয়ায় সাধারণ মানুষের চিকিৎসা পাওয়াটাও হয়ে দাঁড়িয়েছে একরকম যুদ্ধ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ হাজার ২৪৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৪৯২ জন।
তবে গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের মতে, বাস্তব চিত্র আরও ভয়াবহ। তারা বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষ নিখোঁজ—যাদের জীবিত উদ্ধারের আশা নেই। ফলে প্রকৃত মৃত্যু সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, হামাসের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হন ১ হাজার ১৩৯ জন এবং অপহৃত হন আরও ২০০ জনের বেশি।
মন্তব্য করুন